RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

জলপাইগুড়িতে ভুল রক্ত দেওয়ার অভিযোগ, হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে রোগীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল গ্রুপের রক্ত দেওয়ার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম বীরেন্দ্রনাথ শর্মা, বয়স ৬৩ বছর। পরিবারের দাবি, তাঁর রক্তের গ্রুপ এবি পজিটিভ হলেও তাঁকে এ পজিটিভ গ্রুপের রক্ত দেওয়া হয়। তাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।

মৃতের ভাই উপেনচন্দ্র শর্মা জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের নির্দেশেই রক্ত দেওয়া হচ্ছিল। কিন্তু দ্বিতীয় বার রক্ত দেওয়ার পরেই অবস্থার অবনতি হয় এবং রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রক্তে মিসম্যাচ বা মিল না থাকার কোনো লক্ষণ রক্তের রিপোর্টে পাওয়া যায়নি। মৃতের ক্রনিক কিডনি ডিজিজ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং সংক্রমণ ছিল। এগুলিই প্রধান কারণ হতে পারে বলে তাঁর মত। তবে স্বাস্থ্য দফতর ও মেডিক্যাল কলেজ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী কাল তার চূড়ান্ত রিপোর্ট আসার কথা রয়েছে। রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

তৃণমূল নেতা কুণাল ঘোষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন।