RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

বস্তারে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন, নাম না করে কংগ্রেসকে নিশানা মোদির

বস্তারে সেনার সঙ্গে দীপাবলি পালন করে পূর্ববর্তী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ছত্তীসগঢ়ের বস্তারে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি জওয়ানদের উদ্দেশ্যে বলেন, দেশের সুরক্ষায় সীমান্ত থেকে মাঝসমুদ্রে প্রহরীদের সঙ্গে প্রতিটা দীপাবলি তাঁর কাছে স্মরণীয় হয়ে রয়েছে। হিমালয় থেকে শুরু করে আইএনএস বিক্রান্ত কিংবা বস্তারের জঙ্গল, সর্বত্রই তিনি সেনার সঙ্গে উৎসব পালন করেছেন বলে জানান।

এদিন মাওবাদী সমস্যা নিয়ে নাম না করে আগের সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বস্তারে একসময় নকশালদের তীব্র আতঙ্ক ছিল এবং সাধারণ মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আগের সরকার মাওবাদীদের মোকাবিলায় উদাসীন ছিল এবং জওয়ানদের হাত-পা বেঁধে রেখেছিল বলে দাবি করেন তিনি। ২০১৪ সালের পর থেকে দেশে বড় পরিবর্তন এসেছে এবং মাওবাদী সন্ত্রাস আজ অনেকটাই খতম হয়েছে বলে জানান তিনি।

মাওবাদীদের প্রভাব কমলেও বিপদ এখনও কাটেনি বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সমাজে এখন 'দিমাগি নকশাল' বা বুদ্ধিবৃত্তিক নকশালদের অনুপ্রবেশ ঘটেছে। বহু রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনে এই দিমাগি নকশালরা ঢুকে পড়ে গণতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মাওবাদী সন্ত্রাস দূর করে বস্তার সহ দেশের বিভিন্ন প্রান্তে এখন উন্নয়নের জোয়ার এসেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।