RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই ১৯ বছরের জমি জট কাটল, মালিকানা পেলেন মোদির সহপাঠী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের তিন মাসের মধ্যেই ১৯ বছরের জমি সংক্রান্ত জটিলতা কাটল তাঁর স্কুলজীবনের বন্ধু আসগর আলির।

দীর্ঘ ১৯ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে নিজের জমি ফিরে পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্কুলজীবনের বন্ধু আসগর আলি ভোরা। মহারাষ্ট্রের মীরা-ভয়ান্দারে অবস্থিত এই জমির নথিতে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পেরেছেন তিনি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের দুর্দশার কথা জানান ৮১ বছর বয়সি আসগর আলি। এর তিন মাসের মধ্যেই এই জটিলতার অবসান ঘটল।

জানা গিয়েছে, ১৯৮৯ সালে একটি চুক্তির মাধ্যমে ২ হাজার ৮১০ বর্গমিটারের জমিটি কিনেছিলেন আসগর আলি ও দাউদ ভোরা। ২০০৭ সালে জমির নথিতে তাঁদের নামও ওঠে। কিন্তু পরবর্তীতে মূল জমির মালিক পল অ্যান্থনি ফার্নান্দেসের উত্তরাধিকার সংক্রান্ত তদন্তের সময় ভোরা পরিবারের নাম নথি থেকে বাদ দেওয়া হয়। এরপর ২০১৪ সালে মারভিন জোসেফ ফার্নান্দেস নিজেকে মূল মালিকের উত্তরাধিকারী দাবি করে সম্পত্তির অর্ধেক অংশ নিজের নামে নথিভুক্ত করান। বাকি অর্ধেক অংশ ২০১১ সালে ‘স্বয়ম বিল্ডার্স’ নামের একটি সংস্থাকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে বিক্রি করা হয়।

নথিতে কারচুপির অভিযোগ তুলে ২০১৫ সালে একটি ফৌজদারি মামলা দায়ের করেন আসগর আলি। তাঁর অভিযোগ ছিল, ২০১৯ সালে বিতর্কিত জমির একটি অংশ কেনে ‘সেভেন ইলেভেন কনস্ট্রাকশনস’ নামের একটি কোম্পানি। এই সংস্থার সঙ্গে স্থানীয় এক বিজেপি বিধায়কের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে মীরা-ভায়ান্দর পুরসভা ওই জমির নির্মাণ অনুমতি বাতিল করে দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ে সুরাহা না মেলায় শেষ পর্যন্ত সেপ্টেম্বরে দিল্লির গিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন তাঁর ভাদনগরের সহপাঠী আসগর আলি।