পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
শিলিগুড়িতে চামড়ার কারবারে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ৭
শিলিগুড়ির দাগাপুর এলাকায় পশুর চামড়ার অবৈধ কারবার রুখতে গিয়ে ইটবৃষ্টির মুখে পড়ে পুলিশ। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী এবং ভাঙচুর করা হয় গাড়ি।
শিলিগুড়ির দাগাপুর এলাকায় পশুর চামড়ার অবৈধ কারবারের অভিযোগে অভিযানে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানিয়েছে। বুধবার রাতে প্রধাননগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ওই এলাকায় যান। পুলিশের দাবি, বজরং দলের থেকে খবর পেয়ে তল্লাশিতে যাওয়া হয়।
অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ ও গোডাউনের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলায় প্রধাননগর থানার কয়েকজন পুলিশকর্মী এবং গাড়ির চালক আহত হয়েছেন। আহত পুলিশকর্মীদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বজরং দলের সদস্যরা।