RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিলিগুড়িতে পুলিশের উপর হামলা, জখম ওসি সহ দুই

শিলিগুড়িতে ডাবরা গ্রাম এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় জখম হয়েছেন ওসি সহ দুই জন। রাতে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।

শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ উঠল। দার্জিলিং মোড়ের ডাবরা গ্রাম এলাকায় পুলিশের একটি দলের উপর চড়াও হন স্থানীয়দের একাংশ। এই ঘটনায় জখম হয়েছেন এক থানার ওসি এবং এক পুলিশকর্মী।

পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলের খবর পেয়ে সাদা পোশাকের একটি পুলিশ দল ডাবরা গ্রাম এলাকায় পৌঁছয়। সেই সময়ই তাদের উপর হামলা চালানো হয়। হামলায় ওসি গৌতম মল্লিক এবং পুলিশের গাড়ির চালক আহত হয়েছেন। পাশাপাশি, পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে ডাবরাগ্রাম এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। রাতভর অভিযান চালিয়ে এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হামলায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।