পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পুলিশ ট্রেনিং সেন্টারে ফের পুলিশকর্মীর ঝুলন্ত দেহ, দানা বাঁধছে রহস্য
কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ।
কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলের বারান্দা থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আলিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দু’মাসে এই ট্রেনিং সেন্টারে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। মৃত পুলিশকর্মীর নাম বিপ্লব বর্মন। তিনি কমব্যাট ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির কনস্টেবল ছিলেন এবং ২০১৭ সালে কলকাতা পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বারাকে বিপ্লবের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর পর সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। পিটিএসের একটি বিল্ডিংয়ের তিনতলার করিডর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার তাঁর দেহের ময়নাতদন্ত হয়।
প্রাথমিকভাবে পুলিশের দাবি, পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে। পরিবারের সঙ্গে তাঁর কথাকাটি হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। কর্মক্ষেত্রে তাঁর কোনও সমস্যা ছিল না বলেই দাবি করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।