RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুলিশকে জনমুখী করতে বঙ্গে চালু হল পুলিশ মিত্র অ্যাপ, বার্তা মুখ্যমন্ত্রীর

পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব ঘোচাতে বঙ্গে চালু হল পুলিশ মিত্র অ্যাপ।

পুলিশ ব্যবস্থার আধুনিকীকরণ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে রাজ্যে চালু করা হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি মৌ সাক্ষরিত হয়েছে বলে জানানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক ও বিট অফিসার কর্মরত রয়েছেন, সেই সমস্ত তথ্য সাধারণ মানুষ জানতে পারবেন। পুলিশের কাজে আরও স্বচ্ছতা আনতে এবং নাগরিকদের সঙ্গে দূরত্ব কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, পুলিশের পরিকাঠামো উন্নয়নে এবং আধুনিক সরঞ্জাম তুলে দিতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। কাজের পরিধি বাড়লেও রাজ্যে এখনও পর্যাপ্ত পুলিশ কর্মীর ঘাটতি রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ টিম এই গোটা বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছেন।

সীমান্তবর্তী রাজ্য হওয়ায় পশ্চিমবঙ্গের নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয়ে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করা হচ্ছে না বলে জানিয়ে তিনি বলেন, ভালো ফলাফলের জন্য রাজ্য সরকারকে আরও তিন মাস সময় দেওয়া উচিত।