RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুলিশকে হুমকি মামলায় অভিষেককে নোটিস, তলব গিরিশ পার্ক থানায়

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল পুলিশ। আগামী ২০ নভেম্বর তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল পুলিশ। শুক্রবার তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে এই নোটিস ধরানো হয়। আগামী ২০ নভেম্বর তাঁকে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির লোকজন নোটিস গ্রহণ করেছেন।

গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্তব্য করেছিলেন অভিষেক। রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ মিথ্যা মামলা করছে বলে অভিযোগ করেন তিনি। এর পরেই সরকার বদল হলে সেই সমস্ত পুলিশ অফিসারদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ওই মন্তব্যের জেরে গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিলেন এক জন মহিলা।

সেই মামলার তদন্তেই শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি দল তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছায়। আগামী ২০ নভেম্বর দুপুর ১টার সময় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।