RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

গোয়ালপোখরে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পুলিশ অফিসার, বসিরহাটে তৃণমূলে ভাঙন

গোয়ালপোখরে ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন এক পুলিশ অফিসার এবং বসিরহাটে তৃণমূলে ভাঙন ধরেছে।

জমি সংক্রান্ত মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হয়েছেন গোয়ালপোখর থানার এক সাব ইনস্পেক্টর। ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। রাজ্য দুর্নীতি দমন শাখা এই অভিযান চালায়।

অন্য দিকে, বসিরহাটে শাসকদল তৃণমূলে বড়সড় ভাঙন ধরেছে। তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগদানের হিড়িক পড়েছে। এলাকার ১৩টি পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি দখলের দাবি জানিয়েছে এনসিপিআই।

মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সইফুদ্দিন মোল্লার বিরুদ্ধে অনাস্থা আনা হয়। এর পরেই তিনি ইস্তফা দেন। মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ ১৩ জন সদস্য তৃণমূলে ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। এই সমিতিতে মোট আসন সংখ্যা ২৩।

পাশাপাশি, কুলটি পঞ্চায়েত দখলের পথে রয়েছে এনসিপিআই। এই পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে উপপ্রধান সহ ১৩ জন সদস্যই তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে নাম লিখিয়েছেন।