পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ছটপুজোয় দামোদর নদে বিপত্তি, শিশুর প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার
বাঁকুড়ার মেজিয়ায় ছটপুজোর উৎসবে দামোদর নদ থেকে এক তিন বছরের শিশুকে উদ্ধার করলেন এক পুলিশ অফিসার।
বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার দামোদর নদে ছটপুজোর ভিড়ের মধ্যে নদীর জলে পড়ে গিয়েছিল এক তিন বছরের শিশু। গত সোমবার এই ঘটনা ঘটেছে। মেজিয়া থানার সাব-ইন্সপেক্টর আকাশ পাত্র নিজের জীবনের ঝুঁকি নিয়ে জলে ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গির্জাপাড়া এলাকার বাসিন্দা প্রিন্স কুমার তাঁর তিন বছরের মেয়ে প্রিন্সিকাকে নিয়ে ছটপুজোর ঘাটে গিয়েছিলেন। উৎসবের ব্যস্ততার মাঝে সকলের অগোচরে শিশুটি জলে তলিয়ে যেতে বসেছিল। উপস্থিত লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছন কর্তব্যরত পুলিশ আধিকারিক আকাশ পাত্র। সময় নষ্ট না করে তিনি নদীতে নেমে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে ওই সাব-ইন্সপেক্টরের সাহসিকতা ও কাজের প্রশংসা করা হয়েছে।