পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
শিলিগুড়িতে পুলিশের উপর হামলা, আহত ওসি সহ দুই
শিলিগুড়ির ডাবরাগ্রামে গণ্ডগোলের খবর পেয়ে যাওয়া পুলিশের দলের উপর হামলার অভিযোগ। আহত ওসি ও চালক, আটক সাত।
শিলিগুড়ির ডাবরাগ্রাম এলাকায় পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন এক ওসি সহ দুই পুলিশকর্মী। ভাঙচুর করা হয়েছে পুলিশের কয়েকটি গাড়ি।
পুলিশ সূত্রে খবর, গণ্ডগোলের খবর পেয়ে সেখানে পৌঁছয় সাদা পোশাকের একটি পুলিশ দল। সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। হামলায় আহত হন ওসি গৌতম মল্লিক এবং পুলিশের গাড়ির চালক। এছাড়া পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতভর ডাবরাগ্রাম এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।