RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠ নেতার বাড়িতে তল্লাশি, মেঝে খুঁড়ে উদ্ধার অস্ত্র ও কার্তুজ

সন্দেশখালিতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃত নেতার নাম সত্যজ্যোতি সান্যাল। তিনি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশে তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরার মুখে ওই নেতার বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য সামনে আসে। রবিবার রাতে পুলিশ তাকে সঙ্গে নিয়ে সন্দেশখালির বাড়িতে যায়। সেখানে একটি ঘরের মেঝে খুঁড়ে চারটি বন্দুক এবং ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং অন্য কোথাও অস্ত্র লুকানো আছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যজ্যোতি সান্যালের বিরুদ্ধে এর আগেও জমি দখল, মাছের ভেড়ি দখল এবং জব কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। শেখ শাহজাহানের আটকের পর থেকেই সন্দেশখালি এলাকায় তার একাধিক ঘনিষ্ঠ নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।