RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

তপসিয়ায় নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করল পুলিশ, রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা

কলকাতার তপসিয়ায় মমতা-তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ কার্যালয় সিল করে দিল পুলিশ। সেখানে রাজনৈতিক বৈঠকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতার তপসিয়ায় মমতা-তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ ভবনটি সিল করে দিল পুলিশ। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ওই চত্বরে শুধুমাত্র নির্মাণকাজ চালানো যাবে। তবে কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি বা বৈঠক করা যাবে না।

গত কয়েক দিন ধরে তপসিয়ার ওই নির্মাণাধীন কার্যালয়ে একাধিক দলীয় বৈঠক হচ্ছিল। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে। পুরসভার পক্ষ থেকে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর শুক্রবার রাতে পুলিশ সেখানে পৌঁছে গেটে তালা ঝুলিয়ে দেয় এবং রাস্তার সামনে গার্ডরেল বসিয়ে দেয়।

এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন কুণাল ঘোষ সহ দলের বেশ কয়েকজন নেতা। তাঁরা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বর্তমানে দলের একটি অংশ মেট্রোপলিটন অফিস থেকে কাজকর্ম চালাচ্ছে এবং অন্য অংশ তপসিয়ার পুরনো কার্যালয় ব্যবহার করছে।