RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, তলব গিরিশ পার্ক থানায়

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল গিরিশ পার্ক থানা।

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ। ডায়মন্ড হারবারের সাংসদকে আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ দিয়ে নোটিস দেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় অভিষেকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ ছিল, পুলিশকে উদ্দেশ্য করে হুমকি মূলক মন্তব্য করেছেন ওই সাংসদ। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের কালীঘাট রোডের বাসভবনে গিয়ে নোটিস দেন পুলিশকর্মীরা। আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় তাঁকে থানায় হাজির থাকতে বলা হয়েছে।

গত মাসে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। তাঁর ওই বক্তব্যের পরেই গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।