পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
শান্তিনিকেতনে পুলিশকে গুলি, পলাতক দুষ্কৃতীর খোঁজে চার থানার পুলিশ
শান্তিনিকেতনে পুলিশ কর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে চার থানার পুলিশ।
শান্তিনিকেতনে দুষ্কৃতীর গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। শুক্রবারের এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রতন শেখ। তার খোঁজে বোলপুর, কীর্ণাহার, নানুর ও শান্তিনিকেতন—এই চার থানার পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রতন শেখ একজন কুখ্যাত দুষ্কৃতী। নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানায় তার নামে চুরি, ডাকাতি ও মাদক পাচারসহ ১২টির বেশি মামলা ঝুলছে। তার বাড়ি নানুর থানার সাতরা গ্রামে হলেও সে দীর্ঘদিন ধরে সেখানে থাকে না। বিভিন্ন এলাকায় লুকিয়ে বেড়ায় সে।
শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইক বাজারে রতন লুকিয়ে রয়েছে এমন খবর পেয়ে সাদা পোশাকে বাইকে করে সেখানে যান শান্তিনিকেতন থানার তিন পুলিশ কর্মী। তাঁরা রতনকে ঘিরে ফেললে সে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি চালায়। এই সুযোগে সে পালিয়ে যায়। আহত কনস্টেবলকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনার পর থেকে বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন, জাতীয় সড়ক ও হোটেলগুলিতে তল্লাশি চলছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে। লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।