কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
হাওড়ায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে ‘নিখোঁজ’ ও ‘নিষ্কর্মা’ পোস্টার, অস্বস্তিতে তৃণমূল
হাওড়ার বিভিন্ন এলাকায় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘নিখোঁজ’ ও ‘নিষ্কর্মা’ উল্লেখ করে পোস্টার দিল সমাজবাদী পার্টি।
হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামে ‘নিখোঁজ’ ও ‘নিষ্কর্মা’ পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বুধবার সকালে হাওড়া ময়দান, আদালত চত্বর এবং বালি এলাকায় এই পোস্টারগুলি দেখা যায়। সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই পোস্টারগুলি সাঁটানো হয়েছে বলে জানা গিয়েছে। পোস্টারে সাংসদের পদত্যাগ দাবি করা হয়েছে।
পোস্টারগুলিতে লেখা হয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় সবথেকে নিষ্ক্রিয় এবং নিষ্কর্মা সাংসদ। এছাড়া অন্য একটি পোস্টারে উল্লেখ করা হয়েছে, তিনি সমস্ত সুযোগ-সুবিধা নিলেও সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। কিছুদিন আগে এক স্মরণসভায় প্রসূন রাজনীতি ছাড়ার কথা বলেছিলেন, তাই তিনি কেন সাংসদ পদে বহাল রয়েছেন, সেই প্রশ্নও তোলা হয়েছে পোস্টারে।
সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি শ্রীকান্ত ঘোষ জানিয়েছেন, তাঁদের দলের তরফেই এই পোস্টার দেওয়া হয়েছে। তিনি বলেন, সাংসদ পদ থেকে পদত্যাগ না করে প্রসূনবাবু সাধারণ মানুষের ভোটে জিতে সমস্ত সুবিধা ভোগ করছেন, অথচ এলাকার নাগরিকদের জন্য কোনো কাজ করছেন না। এই বিষয়ে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।