RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কোচবিহারের রাসমেলার প্রস্তুতি শুরু, লেজার শো ও আরতির পরিকল্পনা প্রশাসনের

কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে, এ বছর মেলায় থাকছে লেজার শো ও সাগরদিঘি ঘাটে আরতির আয়োজন।

সামনেই কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে কোচবিহার শহর। আগামী ২৫ নভেম্বর রাসমেলার সূচনা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার সূচনা পর্ব স্মরণীয় রাখতে ইডেনের মতো লেজার শো এবং আতসবাজির আয়োজন করা হবে। পাশাপাশি সাগরদিঘি ঘাটে আরতিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

মদনমোহন বাড়িতে নিয়ম মেনে ২৪ নভেম্বর রাস উৎসবের সূচনা হলেও, মূল মেলার উদ্বোধন হবে ২৫ নভেম্বর। প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার জেলাশাসক জিতিন যাদব ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস এবং মন্ত্রী মালতি রাভা রায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর মেলার ২১৪তম বর্ষ। মেলাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। এ ছাড়া প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং পর্যটকদের সুবিধার জন্য বিশেষ প্যাভিলিয়ন তৈরির পরিকল্পনা রয়েছে। মেলার সময় হেরিটেজ ভবনগুলিতে আলোকসজ্জা করা হবে এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বাড়ানো হবে।

অন্যদিকে, রাসমেলা চত্বরে প্রথমবার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য গৌরীমেলার আয়োজন করা হবে। স্টেডিয়াম চত্বরে প্রায় ৫০টি স্টল থাকবে। পর্যটকদের জন্য বিশেষ পর্যটন প্যাকেজ চালুর কথাও ভাবছে প্রশাসন।