ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দিওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে অশান্তি, উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ রাষ্ট্রপতির দেহরক্ষী
উত্তরপ্রদেশের বাগপতে দিওয়ালির রাতে বাজি পোড়ানো নিয়ে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক দেহরক্ষী।
উত্তরপ্রদেশের বাগপতে দিওয়ালির রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে গুলি চলল। এই ঘটনায় রাষ্ট্রপতির এক দেহরক্ষী মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত জওয়ানের নাম সৌরভ তোমর। তাঁর বয়স ২৬ বছর এবং তিনি রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা জওয়ানদের অন্যতম।
পুলিশ সূত্রে খবর, ছুেলিতে বাড়ি এসেছিলেন সৌরভ। রবিবার সন্ধ্যায় তিনি বাড়ির সামনে পরিবারের সদস্যদের সঙ্গে আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনু বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল অশান্তি ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময়ই ধীরজ পিস্তল বার করে গুলি চালান। সৌরভের মাথায় সেই গুলি লাগে। ঘটনার পরই অভিযুক্তেরা পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় সৌরভকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বার করেছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় ধীরজ ও মনুর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।