বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
মুম্বইতে করণ জোহরের অফিসে সইফ-করিনার সঙ্গে প্রিন্স উইলিয়ামের সিনেআড্ডা
মুম্বইতে করণ জোহরের অফিসে সইফ ও করিনার সঙ্গে দেখা করলেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম।
ভারত সফরে এসে মুম্বইতে করণ জোহরের অফিসে পৌঁছলেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম। বুধবার বিকেলে ধর্মা প্রোডাকশনস-এর অফিসে আয়োজিত এক বিশেষ বৈঠকে যোগ দেন তিনি। সস্ত্রীক ভারত সফরে এসে বলিউডি আতিথেয়তা উপভোগ করার সুযোগ হাতছাড়া করেননি প্রিন্স উইলিয়াম।
করণের অফিসে ব্রিটিশ যুবরাজকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সইফ আলি খান, করিনা কাপুর এবং করণের ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালা। ধর্মার অফিসে প্রিন্স উইলিয়ামকে সম্পূর্ণ বলিউড স্টাইলে স্বাগত জানানো হয়। ‘কভি খুশি কভি গম’ ছবির জনপ্রিয় গান ‘বলে চুড়িয়া’ এবং ‘সে শাভা শাভা’-র তালে বিশেষ নাচের আয়োজন করা হয়েছিল। সইফ এবং করিনার সঙ্গে বসে সেই পরিবেশনা উপভোগ করেন যুবরাজ নিজেও।
দীর্ঘ সময় ধরে চলা সেই বৈঠকে সিনেমা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষভাবে উঠে আসে করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবির নানা প্রসঙ্গ। ছবিটির শুটিং ও তৈরির নেপথ্যের বেশ কিছু মজার গল্প ব্রিটিশ যুবরাজের সঙ্গে ভাগ করে নেন পরিচালক ও করিনা কাপুর।
এই সাক্ষাতের পর নিজের অনুভূতি প্রকাশ করে করণ জোহর জানান, প্রিন্স উইলিয়ামকে নিজের অফিসে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পুরো বিকেলটি সিনেমার আলোচনায় দারুণ কেটেছে বলে মন্তব্য করেছেন তিনি। ২০১৬ সালের পর এই প্রথম একসঙ্গে ভারত সফরে এসেছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন।