কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
ইন্টার্নদের বিক্ষোভের মাঝেই কলকাতা মেডিক্যালে হামলা, ঘেরাও অধ্যক্ষ
শোকজের নোটিস প্রত্যাহারের দাবিতে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করলেন ইন্টার্নরা, বিক্ষোভের মাঝে ইট ও বাঁশ নিয়ে চত্বরে হামলা চালাল বহিরাগতরা।
অব্যবস্থার প্রতিবাদ করায় আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করার প্রতিবাদে কলকাতা মেডিক্যাল কলেজে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। বুধবার এই শোকজের নোটিস প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করেন চিকিৎসক-পড়ুয়ারা। তাঁরা জানান, যতদিন না এই সিদ্ধান্ত বাতিল হচ্ছে, ততদিন বিক্ষোভ চলবে।
গত কিছুদিন আগে চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে আহতদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। সংবাদমাধ্যমের সামনে হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের অভাবের কথাও তুলে ধরেছিলেন তাঁরা। এরপরই সার্জারি ও অর্থোপেডিক বিভাগের ওই আট ইন্টার্নকে শোকজ করে তিন দিনের মধ্যে জবাব তলব করা হয়।
অধ্যক্ষের ঘরের সামনে যখন বিক্ষোভ চলছিল, সেই সময় মেডিক্যাল কলেজ চত্বরে বহিরাগতরা হামলা চালায় বলে অভিযোগ। এবিভিপি পরিচয়ে ওই ব্যক্তিরা ইট ও বাঁশ নিয়ে চত্বরে তাণ্ডব চালায়। হামলায় হাসপাতালের কাচ ভেঙে যায়। বিক্ষোভকারী ইন্টার্নরা হামলা থেকে বাঁচতে অধ্যক্ষের ঘরে আশ্রয় নেন। পুলিশের সামনেই প্রায় এক ঘণ্টা ধরে এই ভাঙচুর চলে বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।