খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
যোগরাজের মন্তব্যের প্রতিবাদ, আইনি পদক্ষেপের হুমকি পৃথ্বী শ’র
যোগরাজ সিংয়ের মন্তব্যের জেরে আইনি পদক্ষেপের হুমকি দিলেন ক্রিকেটার পৃথ্বী শ।
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিলেন ক্রিকেটার পৃথ্বী শ’। সম্প্রতি পৃথ্বীর ব্যক্তিগত জীবন ও কেরিয়ার নিয়ে একটি মন্তব্য করেছিলেন যোগরাজ। সেখানে তিনি পৃথ্বীর সঙ্গে প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির তুলনা টানেন। যোগরাজ দাবি করেন, পার্টি, নারীসঙ্গ এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্যই এই দুই ক্রিকেটারের কেরিয়ারের এমন দশা হয়েছে।
যোগরাজের এই মন্তব্য ভালোভাবে নেননি পৃথ্বী শ’। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এর তীব্র প্রতিবাদ জানান তিনি। পৃথ্বী লেখেন, তাঁর অতীত তাঁর জীবনেরই একটি অংশ এবং তিনি তা কখনই লুকিয়ে রাখেননি। তবে কেউ তাঁর নাম বা ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা ছড়ালে তা বরদাস্ত করবেন না। তাঁর বক্তব্য, এই ধরনের বিতর্কের মাধ্যমে কেউ কেউ সস্তার প্রচার পাওয়ার চেষ্টা করছেন। ভুল তথ্য ছড়ানো এবং মতামত প্রকাশের মধ্যে তফাত রয়েছে বলেও জানান তিনি।
এটিই তাঁর শেষ সতর্কবার্তা বলে জানিয়েছেন পৃথ্বী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁর সম্মান ও সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ করার পূর্ণ অধিকার তাঁর রয়েছে। তাঁর নীরবতাকে যেন কেউ দুর্বলতা না ভাবেন। নিজের আত্মসম্মান রক্ষায় তিনি প্রয়োজনে আইনগত পথেই হাঁটবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।