বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
দিওয়ালিতে আমিষ খেয়ে বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া, ট্রোলের মুখে দেশি গার্ল
লস অ্যাঞ্জলসে দিওয়ালি পার্টির একটি ছবিতে প্রন কাবাব খেতে দেখা যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
লস অ্যাঞ্জলসের বিলাসবহুল বাংলোয় দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই পার্টিতে প্রন কাবাব খাওয়ার ছবি সামনে আসতেই বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। প্রতিবারের মতো এবারেও ইনস্টাগ্রামে দিওয়ালি উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। লাল লেহেঙ্গা এবং হিরের গয়নায় সেজেছিলেন নায়িকা। তাঁর সঙ্গে ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায় স্বামী নিক জোনাস ও তাঁদের কন্যা মালতি মেরি জোনাসকে।
তবে উৎসবের ছবির মাঝেই একটি ছবিতে প্রিয়াঙ্কাকে প্রন কাবাবে কামড় বসাতে দেখা যায়। আর এই ছবি ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। নেটপাড়ার একাংশের প্রশ্ন, দিওয়ালির দিন কীভাবে আমিষ খেতে পারেন তিনি। দেশি রীতি ও সংস্কার ভোলার অভিযোগ তুলে নায়িকাকে কটাক্ষ করেছেন অনেকে। কেউ কেউ আবার প্রদীপের বদলে মোমবাতি জ্বালিয়ে উৎসব পালনের বিষয়টি নিয়েও সমালোচনা করেছেন।
ভক্তদের একাংশের দাবি, হলিউডি বন্ধুদের জন্যই পার্টির মেনুতে আমিষ পদ রাখা হয়েছিল। তা সত্ত্বেও নেটদুনিয়ায় সমালোচনার ঝড় থামেনি। এর আগেও মার্কিন মুলুকে বসে বিভিন্ন ভারতীয় উৎসব পালন করে প্রশংসা কুড়িয়েছেন প্রিয়াঙ্কা। তবে এবারের দিওয়ালি উদযাপনে আমিষ খাওয়া নিয়ে বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী।