RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মেয়ের সঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করছেন প্রিয়াঙ্কা, মুগ্ধ নেটপাড়া

মেয়ের সঙ্গে বসে গায়ত্রী মন্ত্র পাঠ করার চেষ্টা করছে মালতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার শেয়ার করা ভিডিও।

বিদেশে সংসার পাতলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে মেয়ের পরিচয় করাতে পিছপা হন না প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে, মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র পাঠ করার চেষ্টা করছে তাঁর একমাত্র কন্যা মালতি ম্যারি চোপড়া জোনাস। মায়ের সঙ্গে তাল মিলিয়ে একরত্তির মন্ত্র বলার সেই সুন্দর প্রয়াস মন কেড়েছে নেটিজেনদের।

ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্তের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা ও নিক জোনাস বরাবরই চান তাঁদের মেয়ে উভয় সংস্কৃতির মূল্যবোধেই বড় হোক। ব্যস্ততার মাঝেও মালতিকে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে সচেষ্ট এই তারকা দম্পতি। এর আগে মে মাসে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তাঁর প্রতিদিনের রুটিন এখন মেয়েকে ঘিরেই তৈরি হয়। মাতৃত্ব তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেছেন তিনি।

স্বামীর প্রশংসাও করেছেন অভিনেত্রী। কাজের ব্যস্ততা সত্ত্বেও তাঁরা দুজনেই মেয়ের সঙ্গে সময় কাটানোকে সর্বোচ্চ গুরুত্ব দেন। মা-মেয়ের এই আদুরে ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তা প্রশংসার ঝড় তুলেছে।