পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বাংলা অ্যাকাডেমিতে তহবিল তছরুপের অভিযোগ, তদন্তে কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে বাংলা অ্যাকাডেমিতে তহবিল তছরুপের অভিযোগের তদন্তে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন।
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন তহবিল তছরুপের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত করতে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছে। ২০২২ থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ব্রাত্য বসুর মেয়াদকালের বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান হন ব্রাত্য বসু। তাঁর কার্যকালে পুরস্কার বিতরণ এবং বই ছাপানো নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া বাংলা অ্যাকাডেমি ও চারুকলা ভবনে সংরক্ষিত দুষ্প্রাপ্য ছবিগুলির রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ নন্দন চত্বরে আসে তদন্ত কমিশন। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রথমে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির অফিসে যান। সেখানে প্রায় ১০ মিনিট থাকার পর তারা এক আধিকারিককে সঙ্গে নিয়ে নন্দনের অন্য একটি অফিসে যান।
এরপর কমিশনের প্রতিনিধিরা রাজ্য চারুকলা পর্ষদের অফিসেও যান। সেখানে তথ্য ও সংস্কৃতি বিভাগের আওতাধীন অবনীন্দ্র সভাঘরের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন কমিশনের সদস্যরা।