RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

স্কুল বিক্রির অভিযোগ, কেষ্টপুরে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের

সরকারি স্কুল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে কেষ্টপুরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা।

সরকারি স্কুল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কেষ্টপুরে এই ঘটনা ঘটে। তবে অভিযুক্ত কাউন্সিলরের সন্ধান মেলেনি। স্থানীয়দের অভিযোগ, ১৪-১৫ বছর আগে কেষ্টপুরে একটি অঙ্গনওয়াড়ি স্কুলে আগুন লেগেছিল। তারপর থেকে স্কুলটি বেহাল অবস্থায় ছিল। সেই স্কুলটিই তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দী অন্য এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে স্থানীয় একটি জরাজীর্ণ ক্লাবে শিশুদের পড়াশোনা চলছে। সেখানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুলটি পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে। স্থানীয়দের আরও অভিযোগ, স্কুলের জমিতে একটি অফিস নির্মাণ করা হয়েছে। কাউন্সিলরের কাছ থেকে স্কুল কিনে ওই ব্যক্তি অফিস তৈরি করেছেন বলে দাবি। বুধবার সেই নতুন অফিসের সামনেই বিক্ষোভ দেখান বাসিন্দারা। কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। এক স্থানীয় বাসিন্দা জানান, এই এলাকায় গরিব মানুষের বাস। একটি স্কুল পুড়ে যাওয়ার পর কাউন্সিলর সেটি বিক্রি করে দেন। অস্থায়ীভাবে জরাজীর্ণ ক্লাবে পড়াশোনা করছে শিশুরা। তাঁরা অবিলম্বে স্কুলটি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি স্কুলটি ১০ থেকে ১৫ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।