RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

হালাল খাবার বিক্রি না করার ঘোষণা, লন্ডনে ভারতীয় রেস্তরাঁর বাইরে বিক্ষোভ

পশ্চিম লন্ডনের একটি ভারতীয় রেস্তরাঁয় হালাল খাবার বিক্রি না করার ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

পশ্চিম লন্ডনের একটি ভারতীয় রেস্তরাঁয় হালাল খাবার বিক্রি না করার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। রেস্তোরাঁটির বাইরে শত শত মুসলিম বিক্ষোভকারী জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

হ্যামারসমিথ এলাকার ওই জনপ্রিয় রেস্তোরাঁটির মালিক হরমন সিং কাপুর দরজায় একটি বার্তা ঝুলিয়ে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল যে তাঁরা হালাল খাবার বিক্রি করেন না। সমালোচকদের অভিযোগ, হরমন সমাজমাধ্যমে মুসলিম সমাজ, হালাল মাংস এবং গাজা সংঘাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এই ঘটনার জেরে বিক্ষোভকারীরা রেস্তোরাঁ বয়কটের ডাক দেন।

অন্যদিকে, হরমন দাবি করেছেন যে হালাল মাংস বিক্রি না করায় তাঁকে এবং তাঁর পরিবারকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে পশ্চিম লন্ডনের বাসভবন থেকে হরমনকে পুলিশ গ্রেপ্তার করে। সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্যের জেরে এই গ্রেপ্তার বলে মনে করা হচ্ছে।

স্বামীর অনুপস্থিতিতে হরমনের স্ত্রী রেস্তোরাঁর জানালায় একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেখানে উল্লেখ করা হয় যে অভিনেতা জন ক্লিস এই রেস্তোরাঁর পাশে দাঁড়াচ্ছেন। বিক্ষোভকারীরা প্যালেস্টাইনের পতাকা হাতে স্লোগান দেন এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।