বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ভারতের বহুত্ববাদের প্রশংসা, যত দেখি ততই অবাক হই, বললেন পুতিন
ভারতের বহুত্ববাদ এবং ভাষাগত বৈচিত্র্যের প্রশংসা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ভারতকে যত জানা যায়, ততই তিনি অভিভূত হন।
ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। পুতিনের দাবি, ভারতকে যত দেখা যায় এবং জানা যায়, ততই অভিভূত হতে হয়।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গ টেনে এনেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির কাছে ভারতের ভাষা সম্পর্কে জানতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী তাঁকে জানান, দেশের প্রায় ১৫০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৬০ কোটি মানুষ মূল ভাষায় কথা বলেন। বাকিদের নিজস্ব ভিন্ন ভাষা রয়েছে। বিশাল জনসংখ্যার এই ভাষাগত বৈচিত্র্য দেখে তিনি চমৎকৃত হয়েছেন বলে জানিয়েছেন।
ভারতের বহুত্ববাদী সংস্কৃতির প্রশংসা করে পুতিন আরও বলেন, এটি একটি প্রাচীন ও চিত্তাকর্ষক সভ্যতা। ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষাভাষীর মানুষ যেভাবে একসঙ্গে পাশাপাশি বসবাস করছেন, তা সত্যিই চমৎকার। বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও ভারত অনুপ্রেরণা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। অতীতেও একাধিকবার ভারতের অভ্যন্তরীণ ঐক্যের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।