কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
ছট পুজোয় কিউআর কোড ব্যবস্থা, ঘাট নিয়ে বিশেষ প্রস্তুতি পুরসভার
ছট পুজোয় পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে কিউআর কোড চালুর পাশাপাশি একাধিক ঘাট ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করল কলকাতা পুরসভা।
আসন্ন ছট পুজোয় পুণ্যার্থীদের যাতায়াত এবং ঘাট চেনার সুবিধার জন্য বিশেষ কিউআর কোড চালু করল কলকাতা পুরসভা। মোবাইল ফোনে এই কোড স্ক্যান করলেই নির্দিষ্ট ঘাটের অবস্থান এবং পৌঁছানোর রাস্তার হদিশ পেয়ে যাবেন সাধারণ মানুষ।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও কেএমডিএ এলাকার মোট ১৬৩টি ঘাটে ছট পুজোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভার আওতাধীন ১২৪টি জায়গায় ঘাট রয়েছে। যার মধ্যে ৩০টি গঙ্গার ঘাট, দুটি আদি গঙ্গার ঘাট, ৮৬টি পুকুর ও জলাশয় এবং ছয়টি কৃত্রিম জলাশয় রয়েছে। এছাড়া কেএমডিএ এলাকায় ২৪টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী ঘাট প্রস্তুত করা হয়েছে। শনিবার কাশীপুর-বেলগাছিয়া অঞ্চলের বিভিন্ন ঘাট পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি।
রবিবার ও সোমবার পুণ্যার্থীদের জন্য পানীয় জলের বিশেষ ব্যবস্থা রেখেছে পুরসভা। ভিড় হতে পারে এমন প্রধান ঘাটগুলিতে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স ও প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখা হয়েছে। এছাড়াও ঘাট চত্বরে বায়ো টয়লেট, পর্যাপ্ত আলো এবং মহিলাদের জন্য আলাদা পরিবর্তনের ঘর তৈরি করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণে দফায় দফায় মাইকিং করা হবে এবং বিপর্যয় মোকাবিলা দল নজরদারি চালাবে। পুজোর কাজ শেষ হলেই জল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা।