বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
কোয়েটা-করাচি হাইওয়েতে বিস্ফোরণ, বালোচ বিদ্রোহীদের হামলায় উড়ল সেতু
বালোচ বিদ্রোহীদের শক্তিশালী বিস্ফোরণে উড়ে গেল কোয়েটা-করাচি হাইওয়ের একটি সেতু, বিচ্ছিন্ন দুই শহরের যোগাযোগ।
বালোচ বিদ্রোহীদের হামলায় কেঁপে উঠল পাকিস্তান। কোয়েটা-করাচি হাইওয়েতে একটি শক্তিশালী বিস্ফোরণে সেতু উড়িয়ে দেওয়া হয়েছে। এর জেরে দুই শহরের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাস্তুং জেলার খাদকোচা এলাকায় এই হামলা চালানো হয়। হাইওয়েটির ওই সেতুটি অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই সড়কপথটি বালোচিস্তানের রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক কেন্দ্র করাচিকে যুক্ত করে। হামলার কারণে দুই শহরের মধ্যে পণ্য পরিবহন নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। পাক সেনাকে নিশানা করার পাশাপাশি এবার অর্থনৈতিক দিক থেকেও আঘাত হানছে বিদ্রোহীরা।
বালোচিস্তানে দীর্ঘদিন ধরে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বালোচ লিবারেশন আর্মি। গত ১১ আগস্ট স্বাধীনতার ঘোষণা করেছে তারা। বিদ্রোহীদের দাবি, প্রদেশের সিংহভাগ এলাকাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির পর থেকে সেখানে অশান্তি আরও বেড়েছে। খনিজ সমৃদ্ধ প্রদেশটি লুটের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবাদে বালোচিস্তানে চলছে স্বাধীনতার লড়াই।