বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
১৬ দিনের ব্যবধান, খুলনায় ফের রবীন্দ্রনাথের ছবিতে কালি
১৬ দিনের ব্যবধানের মাথায় বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে।
১৬ দিনের ব্যবধানের মাথায় বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লাগানোর অভিযোগ উঠল। রবিবার শিববাড়ী মোড় এলাকায় স্থানীয়রা এই দৃশ্য দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ৬ নভেম্বর খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়েছিল। সেই সময় দুটি আপত্তিকর পোস্টারও পাওয়া যায়। ঘটনার পর ৭ নভেম্বর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করে নিন্দা জানান। পরবর্তীতে তাঁর উদ্যোগে নতুন করে ছবিটি আঁকা হয়।
নতুন ওই ছবিতে জুলাই গণ–অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের পাশাপাশি এস এম সুলতান, কাজী নজরুল ইসলাম, খালেদা জিয়া, জিয়াউর রহমান, মাইকেল মধুসূদন দত্ত ও প্রফুল্ল চন্দ্র রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবিও ঠাঁয় পেয়েছিল। রবিবার দুপুরে দেখা যায়, ফের শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, সম্ভবত শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার দুপুরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। বারে বারে কেন রবীন্দ্রনাথের প্রতিকৃতি টার্গেট করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।