RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

মোদির বিরুদ্ধে ৪ হাজার কিমি হাঁটার চ্যালেঞ্জ রাহুলের, সমালোচনা বিজেপির

আমেরিকায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৪ হাজার কিলোমিটার হাঁটার চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৪ হাজার কিলোমিটার হাঁটার চ্যালেঞ্জ ছুড়লেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় তিনি এই চ্যালেঞ্জ জানান। একইসঙ্গে তিনি বলেন, মোদি যদি ৪ হাজার কিলোমিটার হাঁটেন, তবে মানুষ বলবে যে তিনি তাঁকে নকল করছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ভাষণ দিতে বর্তমানে আমেরিকা সফরে গিয়েছেন রাহুল। সেখানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে এনডিএ সরকারের সমালোচনা করেন তিনি। তবে রাহুল এ কথাও স্বীকার করেন যে, একজন রাজনীতিবিদ হিসাবে মোদির নিজস্ব একটি আলাদা পরিচিতি রয়েছে।

বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের মিডিয়া আহ্বায়ক আশিস উষা আগরওয়াল অভিযোগ করেন যে, কংগ্রেস সাংসদ বিদেশের মাটিতে নিয়মিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তাঁর দাবি, বিশ্ব যখন ভারতের অর্থনৈতিক অগ্রগতি মেনে নিচ্ছে, তখন রাহুল দেশকে অর্থনৈতিক বিপর্যয় হিসাবে তুলে ধরতে ব্যস্ত। পাশাপাশি, কংগ্রেস সাংসদকে দেশবিরোধী বলেও আক্রমণ করেছে বিজেপি।