RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ডিলিমিটেশন নিয়ে মোদিকে আক্রমণ রাহুলের, বাংলায় ভোটচুরি হয়েছে দাবি কংগ্রেস নেতার

ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন যে বাংলায় একশর বেশি আসনে জালিয়াতি হয়েছে।

ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া দিয়ে নতুন করে জনমত বদলের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারদের নিশানা করে তিনি বলেন, নির্বাচনী জালিয়াতির অভিযোগ এড়াতেই এই পথ বেছে নেওয়া হয়েছে।

দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাহুল দাবি করেন, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভোট জালিয়াতির মাধ্যমেই সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, বাংলায় একশর বেশি আসনে জালিয়াতি করা হয়েছে। দেশের নির্বাচনী মানচিত্রে পরিবর্তন এনে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

কেন্দ্রের এই ডিলিমিটেশন বিল ঘিরে বিরোধীদের অন্দরেও মতপার্থক্য দেখা দিয়েছে। ইন্ডি জোটের শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পওয়ার শিবির ইতিমধ্যেই বিলটির সমর্থনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই বিষয়ে ইন্ডি জোটের ঐক্যে কোনও প্রভাব পড়বে কিনা, সেই প্রশ্ন উঠলেও রাহুল দাবি করেছেন যে অধিকাংশ দলই এর বিরোধিতা করছে এবং জোট অটুট রয়েছে।