RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

মায়ের কোলে বাবা নিয়ে মন্তব্যের পালটা, বিজেপিকে তোপ রাহুলের

মায়ের কোলে বাবার বসা নিয়ে মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়ে বিজেপি ও আরএসএসকে আক্রমণ শানালেন রাহুল গান্ধী।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশ অনুষ্ঠানে করা মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতার একটি ব্যক্তিগত অভিব্যক্তি ঘিরে সোশাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্ক। সেই আক্রমণের জবাবে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন, ভালোবাসার প্রকাশ ঘটাতে ভয় পায় গেরুয়া শিবির।

সোমবার সোনিয়ার বইপ্রকাশ অনুষ্ঠানে রাহুল একটি পারিবারিক স্মৃতির কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, খাবার খাওয়ার সময় তাঁর মায়ের বসার ভঙ্গি নিয়ে তিনি অতীতে এক বন্ধুকে প্রশ্ন করেছিলেন। এই বক্তব্য সামনে আসতেই বিজেপি এবং দক্ষিণপন্থী মহলে সমালোচনার ঝড় ওঠে। হিমন্ত বিশ্বশর্মা সহ একাধিক নেতা এই নিয়ে কটাক্ষ করেন।

সমালোচনার জবাব দিয়ে রাহুল সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ভয় এবং ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের মনকে আচ্ছন্ন করে রেখেছে। এর ফলে তারা ভালোবাসা প্রকাশ করতে ভয় পান। নিজেকে একজন প্রকৃত হিন্দু হিসেবে উল্লেখ করে তিনি জানান, বিরোধীদের এই মানসিকতার জাল থেকে মুক্ত করাই তাঁর কর্তব্য।

নিজের বার্তার সঙ্গে একটি প্রাচীন স্থাপত্যের ছবিও জুড়ে দিয়েছেন রাহুল। যেখানে মহাদেবের কোলে পার্বতীর বসার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, সত্যম-শিবম-সুন্দরম।