বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
বিদেশে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন, রাহুলকে আক্রমণ বিজেপির
আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী, তীব্র আক্রমণ শানাল বিজেপি।
আমেরিকা সফরে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন গুরুত্বহীন হয়ে এক কোণে পড়ে রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আমেরিকা ও ইরানের মতো দেশের সঙ্গে পাকিস্তান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় ব্যস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল জানান, ভূরাজনীতিতে বন্ধুত্ব দিয়ে কিছু হয় না। মার্কিন মুলুকে দাঁড়িয়ে ২০১৪ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়েও ভোটচুরির বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। রাহুলের দাবি, সেসময় প্রমাণ হাতে থাকলেও দলের প্রবীণ নেতাদের চাপের মুখে তিনি তা প্রকাশ্যে আনতে পারেননি।
রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাঁকে পাকিস্তানের ‘ফ্যানবয়’ ও ‘চিয়ারলিডার’ বলে কটাক্ষ করা হয়েছে। বিজেপি মুখপাত্র সিআর কেশবন সামাজিক মাধ্যমে পোস্ট করে জানান, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে রাহুলের কোনও ধারণাই নেই এবং তিনি পাকিস্তানের পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছেন। আরেক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও প্রশ্ন তোলেন, কেন রাহুল সবসময় পাকিস্তান নিয়ে এত মাথা ঘামান।