RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশ, বাবা-মায়ের স্মৃতিচারণ করলেন রাহুল

দিল্লিতে প্রকাশিত হলো সোনিয়া গান্ধীর স্মৃতিকথা, অনুষ্ঠানে বাবা-মায়ের স্মৃতিচারণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

দিল্লিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সোনিয়া গান্ধীর লেখা বই ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে মা-বাবার দাম্পত্য জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন রাহুল। তিনি জানান, ছোটবেলায় বাবা রাজীব গান্ধীর কোলে সোনিয়া গান্ধীকে বসতে দেখাই তাঁর কাছে স্বাভাবিক ছিল। এমনকি তাঁর এক বন্ধুকে তিনি প্রশ্ন করেছিলেন, কেন তাঁর মা বাবার কোলে বসেন না।

অনুষ্ঠানে শৈশবের একটি ঝগড়ার কথাও শোনান কংগ্রেস সাংসদ। তিনি জানান, একবার ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন রাজীব গান্ধী। সেই সময় সোনিয়া গান্ধী তাঁকে কিছু বলতে চাইলে তিনি বিরক্ত হন। রাহুলের দাবি, জীবনে মাত্র একবারই তিনি বাবা-মায়ের মধ্যে এমন মতবিরোধ দেখেছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর মৃত্যুর কথাও উল্লেখ করেন রাহুল। তিনি জানান, গুলিতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান রাজীব গান্ধী। রাহুলের কথায়, স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণ বদলে গিয়েছিলেন সোনিয়া গান্ধী। আনন্দপ্রিয় মায়ের জীবনের সেই আলো আর আগের মতো ছিল না বলে জানান তিনি।