ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
আমেরিকা সফরে রাহুল গান্ধী, হায়দরাবাদে কংগ্রেসের সম্মেলন ঘিরে রাজনৈতিক তরজা
আমেরিকা সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একই সময়ে হায়দরাবাদে ৭০ দেশের প্রতিনিধিদের নিয়ে মেগা সম্মেলন ডাকল কংগ্রেস।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ১৭ ও ১৮ নভেম্বর সরকারিভাবে আমেরিকা সফরে যাচ্ছেন। কংগ্রেস সূত্রে খবর, ১৭ নভেম্বর তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বিশ্বজুড়ে ছাত্র বিক্ষোভ ও ভারতে তার স্বরূপ নিয়ে আলোচনা করবেন। পরদিন শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভূ-রাজনীতির বিশেষজ্ঞ ডঃ রবার্ট পেপের সঙ্গে একটি আলোচনাচক্রে অংশ নেবেন তিনি।
অন্যদিকে, আগামী ১৩ ও ১৪ নভেম্বর হায়দরাবাদে ‘ভারত সামিট’ নামের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে কংগ্রেস। দলীয় সূত্রে দাবি, সেই সম্মেলনে ৭০টি দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা অংশ নেবেন। ভূ-রাজনীতি, গণতান্ত্রিক পরিবেশ এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের বিরোধী দলের তরফে এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন বেশ বিরল।
এই দুই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেছেন, কংগ্রেসের সঙ্গে দেশবিরোধীদের আঁতাঁত নতুন নয়। রাহুলের আলাপচারিতা কাদের সঙ্গে, তা নিয়েও প্রশ্ন তুলেছে দল। পালটা জবাবে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা দাবি করেছেন, বিজেপির এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের কাছে প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনা উচিত।