পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রায়গঞ্জে নাবালিকা খুন ও গণধর্ষণের ঘটনায় এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়কে এনকাউন্টার করল পুলিশ। বিহার সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়কে এনকাউন্টার করল পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার এড়িয়ে বিহার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল সে। সেই সময় ধাওয়া করলে পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের।
পরিবারের দাবি অনুযায়ী, গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। এরপর গত বৃহস্পতিবার দুপুরে একটি গভীর জঙ্গল থেকে তার পচাগলা ও বিবস্ত্র দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করলে এই ঘটনা ঘটে। রাজ্যে এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সামশেরগঞ্জেও এনকাউন্টারের ঘটনা ঘটেছে।