পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগে সবুজ সঙ্কেত, দিল্লি বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রীর
দিল্লিতে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচল চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আসন্ন গঙ্গাসাগর মেলার আগে বাংলার পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। খুব শীঘ্রই গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পাতা হবে বলে জানিয়েছেন তিনি। দিল্লির রেল ভবনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের ১৭টি রেল প্রকল্প অনুমোদন পেয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিবও। বৈঠকে বাংলার বকেয়া রেল প্রকল্পগুলিতে আগামী বাজেটে টাকা বরাদ্দ করার আবেদন জানানো হয়েছে।
নন্দীগ্রাম এবং দেশপ্রাণ থেকে নতুন রেল চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এই প্রকল্পের জন্য জমি দিয়ে দিয়েছে রাজ্য। আগামী মার্চের মধ্যে এই রুটে ট্রেন চলাচল শুরুর আর্জি জানানো হয়েছে। এছাড়া চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জট কাটানোর কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করা হবে।
বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি গঙ্গাসাগর পর্যন্ত রেল প্রকল্প। কপিল মুনির আশ্রম এবং গঙ্গাসাগরকে রেলের মানচিত্রে আনার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের আগে সমীক্ষা ও ডিপিআর তৈরির কাজ এগোবে। এই কাজে খরচ ধরা হয়েছে চার হাজার কোটি টাকা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভক্তদের যাতায়াত অনেক সহজ হবে।
রাজ্যে ব্যবসা ও শিল্প বৃদ্ধির কারণে পণ্যাবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে রেলপথে পণ্য পরিষেবা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। বকেয়া কাজগুলি দ্রুত শেষ করতে একজন বিশেষ আধিকারিক নিয়োগ করবে কেন্দ্র।