পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার রেল ক্লার্ক, সিবিআইয়ের জালে উমাশঙ্কর পাণ্ডে
ঘুষ নেওয়ার অভিযোগে মালদা রেলওয়ে ডিভিশনের এক অফিস ক্লার্ককে গ্রেফতার করল সিবিআই।
ঘুষ নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন মালদা রেলওয়ে ডিভিশনের এক অফিস ক্লার্ক। ধৃতের নাম উমাশঙ্কর পাণ্ডে। তিনি ওই ডিভিশনের অফিস সুপারিনটেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্তকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর রাতে ধৃতের অফিস কোয়ার্টার সিল করে দেয় তদন্তকারী সংস্থা। সেখানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে একটি নোটিশও ঝোলানো হয়েছে।
তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কোয়ার্টারটি সিল করা হয়েছে। অনুমতি ছাড়া সেই কোয়ার্টার খোলা যাবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।