পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রেলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার কর্মী, দীর্ঘ জেরা সিবিআইয়ের
পূর্ব রেলে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে মালদহ থেকে এক রেলকর্মীকে গ্রেপ্তার করল সিবিআই।
পূর্ব রেলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগে এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম উমাশংকর পান্ডে। তিনি মালদহ ডিভিশনের একটি দপ্তরে সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইংরেজবাজারের ঝলঝলিয়া এলাকায় রেলের ওই ডিআরএম দপ্তরে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরই রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, অভিযুক্তের সরকারি আবাসনটিও সিল করে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, রেলে চাকরি দেওয়ার নামে বহু প্রার্থীর কাছ থেকে বড় অংকের টাকা সংগ্রহ করেছিলেন ওই কর্মী। এই দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে রেল দপ্তরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।