RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজীবের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল হত্যার উদ্দেশে, দাবি রাহুলের

রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। মায়ের স্মৃতিকথা নিয়ে আলোচনায় তিনি দাবি করেন, হত্যার উদ্দেশ্যেই সুরক্ষাবলয় সরিয়ে নেওয়া হয়েছিল।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা প্রত্যাহার নিয়ে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি প্রকাশিত সোনিয়া গান্ধীর স্মৃতিকথা নিয়ে আয়োজিত এক আলোচনায় রাহুল জানান, বাবার সুরক্ষা কমিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। এই বিষয়ে তিনি অতীতে মা ও বাবার সঙ্গেও আলোচনা করেছিলেন বলে জানান। ভিডিওটি সমাজমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

নব্বয়ের দশকের শুরুর রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে রাহুল জানান, সেই সময় তরুণ বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন বাবার জীবন বিপন্ন। সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে আলাপচারিতায় রাহুল বলেন, সেই সময় পরিস্থিতি এমন তৈরি করা হয়েছিল যাতে তাঁকে হত্যার পথ প্রশস্ত হয়। রাজীব গান্ধীর আগে ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন।

১৯৮৯ সালের নির্বাচনে পরাজিত হয় কংগ্রেস। এরপর চন্দ্র শেখর সরকারের আমলে এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনার জেরে রাজীব গান্ধীর সুরক্ষা বলয় নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। সোনিয়া গান্ধীর স্মৃতিকথা 'বিলংগিং: এ জার্নি অফ লভ' প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উঠে আসে সেই সময়ের নানা স্মৃতি। সমস্ত সতর্কতা ও ঝুঁকি সত্ত্বেও প্রচার চালিয়ে যান রাজীব গান্ধী। পরিশেষে ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে এক বিস্ফোরণে প্রাণ হারান ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী।