বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নেপাল ছাড়া রাম অসম্পূর্ণ, দিল্লিতে বৈঠকে ঘোষণা মোদির
দিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত ও নেপালের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, নেপালকে বাদ দিয়ে রামকে ভাবা যায় না। দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার বৈঠকে মিলিত হন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে যৌথ বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক কেবল প্রতিবেশীর নয়, বরং তা গভীর আস্থার মেলবন্ধন। তিনি আরও জানান, দুই দেশ তাদের সুখ ও সংকট ভাগ করে নেয় এবং একে অপরের উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করে।
এদিনের বৈঠকে নেপালের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। হিমালয়ের কোলে অবস্থিত দেশটির বন্যা-পরবর্তী পুনর্গঠনের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি সহায়তার কথা ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা। সম্প্রতি আকস্মিক বনয়ায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে উভয় পক্ষই সম্মত হয়েছে বলে জানান তিনি।