পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রামপুরহাটে ছটপুজোয় মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ, শুরু রাজনৈতিক বিতর্ক
ছটপুজোয় মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুরসভা, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
ছটপুজো উপলক্ষে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিল পুরসভা। রামপুরহাট শহরের কয়েকটি দোকানে এই সংক্রান্ত নোটিস পৌঁছতেই বিতর্ক তৈরি হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার ও সোমবার দুই দিনই দোকানগুলি সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। পাশাপাশি, অন্য দিনগুলিতেও দোকানে রাখা মাংস লাল কাপড়ে ঢেকে রাখতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। রামপুরহাট মহকুমা আদালত থেকে গান্ধী পার্ক যাওয়ার রাস্তার কয়েকটি দোকানে এই নোটিস পাঠানো হয়েছে। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। শুক্রবার ব্যবসায়ীদের হাতে এই নির্দেশিকা পৌঁছয়। নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। মানুষের খাদ্যাভ্যাস ও ব্যবসার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস নেতা মিল্টন রশিদ এই পদক্ষেপের সমালোচনা করে জানান, মানুষের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। একই সুরে সিপিএম নেতা গৌতম ঘোষ অভিযোগ করেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে।
অন্যদিকে, পুরসভার সিদ্ধান্তের পক্ষে সওয়াল করেছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। তাঁর মতে, ব্রতীদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। গত বছর আসানসোলেও অনুরূপ নির্দেশিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।