পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রানাঘাটে জামিন পেলেন বিজেপি নেত্রী প্রিয়া বিশ্বাস,
রানাঘাট আদালতের রায়ে অন্তর্বর্তী জামিন পেলেন ধৃত বিজেপি নেত্রী প্রিয়া বিশ্বাস ও রঞ্জিত লস্কর।
রানাঘাট আদালতের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেত্রী প্রিয়া বিশ্বাস ও অপর অভিযুক্ত রঞ্জিত লস্কর। শনিবার তাঁদের জামিন মঞ্জুর হওয়ার পর রাতেই সংশোধনাগার থেকে মুক্তি পান তাঁরা। উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক এই নির্দেশ দেন। আদালতের বিচারক কেস ডায়েরি ও ইনজুরি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন।
গত ১৯ নভেম্বর রানাঘাট থানার পুলিশ প্রিয়া বিশ্বাস এবং রঞ্জিত লস্করকে গ্রেপ্তার করেছিল। এরপর আদালত তাঁদের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। প্রিয়া বিশ্বাসকে কৃষ্ণনগর সংশোধনাগারে এবং রঞ্জিত লস্করকে রানাঘাট সংশোধনাগারে রাখা হয়েছিল। শনিবার শুনানির সময় বিচারক সব দিক খতিয়ে দেখার পর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি ও এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ ছিল। অন্যদিকে প্রিয়ার পক্ষের আইনজীবী মৃন্ময় চক্রবর্তী আদালতে জানান, জুয়া ও বেআইনি মদের কারবারের প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। অনলাইন জুয়া এবং বেআইনি মদের ব্যবসার কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে আদালতকে জানান তিনি।
জেল থেকে মুক্ত হয়ে রানাঘাট পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয়া বিশ্বাস। তিনি সাংবাদিকদের জানান, আইসি ভুলে গিয়েছেন যে রাজ্যে সরকার পরিবর্তিত হয়েছে। তিনি আরও জানান, সমাজবিরোধী কাজের বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।