RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ইসলামপুর হাসপাতালে ইঁদুরের উপদ্রব, আতঙ্কে দিন কাটাচ্ছেন রোগীরা

ইসলামপুর মহকুমা হাসপাতালের ওয়ার্ড ও বিছানায় ইঁদুরের অবাধ চলাচলে আতঙ্কিত রোগীরা, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের।

উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। রোগীদের বিছানায় ইঁদুর উঠে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে ভর্তি থাকা মানুষদের মধ্যে। সম্প্রতি এই সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হাসপাতালের রোগী ও তাঁদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও ওয়ার্ডগুলিতে ইঁদুরের অবাধ যাতায়াত বন্ধে কার্যকর পদক্ষেপ করা হয়নি। এর ফলে হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়ার দাবি জানিয়েছেন রোগীর পরিজনরা।

হাসপাতাল সুপার জানিয়েছেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে এবং ইঁদুর ধরতে ইতিমধ্যে কল আনা হয়েছে। দ্রুত এই সমস্যা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।