পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
প্রয়াত প্রখ্যাত সেতারবাদক পণ্ডিত মণিলাল নাগ
সোমবার গভীর রাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী সেতারবাদক পণ্ডিত মণিলাল নাগ।
উৎসবের রেশ কাটতে না কাটতেই বাংলার সঙ্গীতজগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত সেতারবাদক পদ্মশ্রী পণ্ডিত মণিলাল নাগ। সোমবার গভীর রাতে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২০২১ সাল থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ শিল্পী। তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়।
পণ্ডিত মণিলাল নাগের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, এই শিল্পীর প্রয়াণে হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের জগতে অপূরণীয় ক্ষতি হল। বিশ্বমঞ্চে বাংলার বিষ্ণুপুর ঘরানাকে তুলে ধরেছিলেন তিনি।
মঙ্গলবার সকালে প্রয়াত শিল্পীর মরদেহ প্রথমে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর একে একে তাঁর মরদেহ সঙ্গীত অ্যাকাডেমি, সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে নিয়ে যাওয়ার কথা রয়েছে, যেখানে গুণমুগ্ধরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। মঙ্গলবার বিকেলে কাশীপুর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।