RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলা, মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের ১,৪৪৫টি ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের একাধিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস’ নামক সংস্থা। তাদের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে দেশে ১,৪৪৫টি ধর্মীয় সন্ত্রাসের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে জমিদখল, অগ্নিসংযোগ ও লুটের পাশাপাশি বহু মন্দির ভাঙচুর ও অপবিত্র করার অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপরে শারীরিক হেনস্থা এবং অপহরণের ঘটনাও ঘটেছে।

সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সময়কালে ২৮৬ জন হিন্দুর প্রাণনাশের ঘটনা ঘটেছে এবং ৬৩ জন মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। পাশাপাশি, ৪০৭ জন অপহরণ ও শারীরিক হেনস্তার শিকার হয়েছেন। চলতি বছরের দুর্গাপুজোর সময়েও বেশ কিছু এলাকায় প্রতিমা ভাঙচুর ও মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন জেলায় প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানগুলিতে হামলার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগও সামনে এসেছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিছু ঘটনায় পদক্ষেপ করলেও বহু ক্ষেত্রে অভিযুক্তরা ধরা পড়েনি বলে অভিযোগ উঠেছে।