RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

রক্তে শর্করা বাড়লে কমতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

তরুণ বয়স থেকে রক্তে শর্করার মাত্রা বাড়লে মধ্যবয়সে স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে বলে নতুন গবেষণায় উঠে এসেছে।

রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকলে তার প্রভাব পড়তে পারে মস্তিষ্কের উপরেও। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, তরুণ বয়স থেকেই শর্করা বাড়ার জেরে ৫৫ বছর বয়সে পৌঁছলে স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে পারে। টাইপ-২ ডায়াবেটিস না থাকলেও এই ঝুঁকি থাকে বলে গবেষকরা জানিয়েছেন।

জার্নাল অফ দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে এই গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষকরা প্রায় ২৮০০ জনের ওপর প্রায় তিন দশক ধরে এই সমীক্ষা চালান। ১৯৮৫ থেকে ১৯৮৬ সালের মধ্যে যখন এই ব্যক্তিরা গবেষণায় যোগ দেন, তখন তাঁদের বয়স ছিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। দীর্ঘদিন ধরে তাঁদের ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা খতিয়ে দেখা হয়।

অংশগ্রহণকারীদের বয়স যখন ৫৫ বছর হয়, তখন তাঁদের স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে, যাঁদের রক্তে শর্করার মাত্রা ধারাবাহিকভাবে বেশি ছিল, তাঁদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। যাঁদের শর্করা নিয়ন্ত্রণে ছিল, তাঁদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায়নি।

গবেষকদের মতে, রক্তে শর্করা দীর্ঘকাল বেশি থাকলে মস্তিষ্কের রক্তনালিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে বাধা সৃষ্টি হয়। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্সও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব ফেলে। এমআরআই স্ক্যানেও দেখা গিয়েছে, যাঁদের ডায়াবেটিস ধরা পড়েছে, তাঁদের মস্তিষ্কের গঠনে পরিবর্তন হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, স্মৃতিশক্তি ও মস্তিষ্কের দীর্ঘমেয়াদি সুস্থতা বজায় রাখতে বিপাকীয় স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং নির্দিষ্ট সময়ে শর্করা পরীক্ষা করা উচিত।