RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

হেলিকপ্টার থেকে গোলাপবৃষ্টি, মধ্যমগ্রামে ঘোড়ায় চড়ে প্রতিমা নিরঞ্জন

মধ্যমগ্রামে শ্যামাপুজোর ভাসান ঘিরে অভিনব আয়োজন, হেলিকপ্টার থেকে ফুলবৃষ্টি ও ঘোড়ায় চেপে প্রতিমা যাত্রার সিদ্ধান্ত উদ্যোক্তাদের।

পাঁচ দিনের উৎসব শেষে অভিনব আয়োজন মধ্যমগ্রামে। শ্যামাপুজোর সমাপ্তি পর্বে শুক্রবার আকাশ থেকে পড়বে গোলাপের পাপড়ি। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারের মাধ্যমে মোট ১৬০ কেজি তাজা গোলাপ ছড়ানো হবে।

স্থানীয় ইয়ং রিক্রিয়েশন ক্লাবের ৩৯তম বর্ষের পুজো ঘিরে এই বিশেষ আয়োজন করা হয়েছে। বিকেল চারটে নাগাদ মণ্ডপ ও সংলগ্ন চত্বরে চার দফায় এই পুষ্পবৃষ্টি হবে। এরপর সন্ধ্যা সাতটা নাগাদ ঘোড়ায় চাপিয়ে প্রতিমা শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে। বসুনগর পুকুরপাড়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে। শোভাযাত্রার পথে সাধারণ মানুষের জন্য মিষ্টির ব্যবস্থাও রাখা হয়েছে।

পুজো কমিটির সম্পাদক মোমিন আলী জানিয়েছেন, এই উদ্যোগের জন্য বিমান নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়াও চলছে। সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং মানুষের পাশে থাকার বার্তা দিতেই এই পরিকল্পনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবছর এই পুজোয় শান্তির বার্তা তুলে ধরা হয়েছিল। থাইল্যান্ডের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দিরের আদলে ১২০ ফুট উঁচু ও ৮০ ফুট চওড়া মণ্ডপ তৈরি করা হয়েছিল। এছাড়া উৎসবের পাঁচ দিন ধরে প্রতিদিন হাজার হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়েছে। গত সাত তারিখ থেকে বুধবার পর্যন্ত প্রায় এক লক্ষ পঁচিশ হাজার মানুষ পুজো প্রাঙ্গণে প্রসাদ গ্রহণ করেছেন বলে ক্লাব সূত্রে খবর।