ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ভারত সম্মেলনে বিদেশি নেতার স্লোগান, রাহুলকে ঘিরে তরজা চরমে
হায়দরাবাদের ভারত সম্মেলনে ইতালির নেতার মন্তব্য ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
হায়দরাবাদে আয়োজিত ভারত সম্মেলনে ইতালির এক রাজনীতিকের বিতর্কিত স্লোগান ঘিরে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। ওই সম্মেলনে বিরোধী জোটের প্রসংশা করে বক্তব্য রাখেন ইউরোপীয় সমাজতন্ত্রীদের ওই প্রতিনিধি। সেই মঞ্চ থেকেই ভোট চোর ও গদ্দি ছাড়ো স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা। বিদেশি নেতার মুখে এই ধরনের মন্তব্য শুনে তাঁকে হাসতে দেখা যায় বলে দাবি শাসক শিবিরের। এই ঘটনার পরেই রাহুল গাঁধীর বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতারা।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন, বিদেশি শক্তি ভারতকে আক্রমণ করলে কেউ কীভাবে হাসতে পারেন। মহারাষ্ট্রের একটি জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, কংগ্রেস নেতারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের মদত জোগাচ্ছেন এবং বিশ্বের দরবারে দেশকে অপমান করছেন। তেলেঙ্গানার বিজেপি সভাপতি সরাসরি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন বিরোধী নেতার বিরুদ্ধে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই অনুষ্ঠানটিকে ভারত বিরোধী আয়োজন বলে কটাক্ষ করেছেন।
বিপক্ষের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা জবাব দিয়েছে কংগ্রেস। দলের সংসদীয় নেতা প্রমোদ তিওয়ারি জানান, বর্তমান সরকার আত্মীসমীক্ষা করলেই উত্তর পেয়ে যাবে। কংগ্রেসের পক্ষ থেকে অতীতে মার্কিন মুলুকে গিয়ে বিশেষ এক নেতার পক্ষে স্লোগান দেওয়ার বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে। শিবসেনা উদ্ধব শিবিরের এক সাংসদও এই বিষয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন।